ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে পাঁচ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৬ জুলাই) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তরে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ' গ্রামবাসী অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের অভিযোগ, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি বালুমহালের ইজারাদারের লোকজন চর সোনারামপুর ও সোহাগপুর মৌজায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নদীভাঙনে প্রতিনিয়ত কৃষিজমি ও বসতভিটা বিলীন হচ্ছে। তাদের দাবি, ইতোমধ্যে প্রায় ২০ একর কৃষিজমি ও বহু ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। একইভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রায় ৮ হাজার মানুষের বসতি, ২৩২ কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জ বন্দর, সারকারখানা এবং সৈয়দ নজরুল ইসলাম সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়বে।
মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ভুক্তভোগীদের অবৈধ বালু উত্তোলনের বিষয়ে তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে এমপির আশ্বাসকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, শুধু আশ্বাস নয়, অবিলম্বে অবৈধ ড্রেজার অপসারণ এবং বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে চর সোনারামপুরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা কঠিন হবে।
এর আগে একই দাবিতে কিছুদিন আগে চর সোনারামপুরের বাসিন্দারা মানববন্ধন, বিক্ষোভ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচিও পালন করে ছিলেন। সোমবারের কর্মসূচি সেই আন্দোলনের ধারাবাহিকতার অংশ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬