মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তাঁর কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন উপজেলার ছোট চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাঁদের মেয়ে পল্লবী রানী (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রিপেন চন্দ্র স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়েকে ঝুলতে দেখা যায়। তাঁদের দ্রুত নিচে নামানো হলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত হন।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকেই ঘটনাটিকে অত্যন্ত হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬