আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিবেশবিদদের আপত্তি উপেক্ষা করে সুন্দরবনের নিকটে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটি এখন হুমকির মুখে পড়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “তথাকথিত উন্নয়নের নামে বৃক্ষ নিধন ও পরিবেশ ধ্বংসের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি ক্ষতি করা হয়েছে। একই সঙ্গে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং ব্যক্তিস্বার্থে নেওয়া অনেক প্রকল্প দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওড়ের ওপর সড়ক নির্মাণ করায় ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, একই অনুষ্ঠানে উপস্থিত ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং অপরিকল্পিত কালভার্ট নির্মাণের কারণে জলাবদ্ধতা বেড়েছে। এসব দখলমুক্ত করতে প্রশাসন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তিনি জানান, সারাদেশে প্রায় ২৬ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় পার্বত্য চট্টগ্রামের খালগুলোও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “দখলদার যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। বন্যার সময়ের পাশাপাশি পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।”
ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। কর্মসূচি শেষে প্রতিনিধিদল বন্যাকবলিত বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬