মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে অভিযুক্ত গৌর চন্দ্র রায়কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতদের স্বজনদের পাশাপাশি স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ছবি রানী রায়ের স্বামী রিপেন চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, গত ১৯ জুন তার স্কুল পড়ুয়া মেয়ে পল্লবী রানী রায়কে নিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের দুজারপুর গ্রামের আনন্দ রায়ের ছেলে গৌর চন্দ্র রায় ঢাকায় চলে যান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ২৬ জুন তাদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।
রিপেন চন্দ্র রায়ের দাবি, পরবর্তীতে গৌর চন্দ্র রায় পল্লবীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তাদের দুজনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে ভেঙে পড়ে তার মেয়ে পল্লবী রানী (১৪) এবং স্ত্রী ছবি রানী রায় (৩৫) গত ১৫ জুলাই নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছবি রানীর ভাই উজ্জ্বল চন্দ্র রায় ও কয়েকজন স্বজন ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে প্রচার করছেন। এতে শোকাহত পরিবার আরও মানসিক চাপে পড়েছে বলে তিনি দাবি করেন। প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের জন্য তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬