ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলায় দেউড়িয়া গ্রামে একটি মুরগীর খামারের দূষিত বর্জ্য ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ এবং কৃষিকাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ সূত্রে জানা যায়, দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে প্রায় এক একর জমির ওপর একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কলেজে যাতায়াতের সুবিধার্থে ২০১৮-১৯ অর্থবছরে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে একটি সেতুও নির্মাণ করা হয়। তবে কলেজটির অনুমোদন না পাওয়ায় সেখানে একটি মুরগীর খামার গড়ে তোলেন কামরুল ইসলাম শাহিন নামে স্থানীয় এক ব্যবসায়ী।
খামার নির্মাণের পর থেকে বর্জ্য ফেলে পাশের কাঁচা রাস্তাটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে খামারের অবকাঠামোর কারণে বৈদ্যুতিক সেচ পাম্পের ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। এতে প্রায় ২০ বিঘা আবাদি জমি চাষাবাদের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে শতাধিক এলাকাবাসির সই করা একটি অভিযোগ ২০ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেন।
স্থানীয়দের দাবি, একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। দ্রুত তদন্ত করে রাস্তা উন্মুক্ত, ড্রেন সচল এবং পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে খামারের মালিক কামরুল ইসলাম শাহিন অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি অনুমোদন নিয়ে খামার স্থাপন করা হয়েছে এবং কোনো রাস্তা বন্ধ করা হয়নি। সেখানে আগে কোনো রাস্তা ছিল না বলেও তিনি দাবি করেন। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬