মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
“আমার ইউনিয়ন, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিবেরু ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ারা মুর্শিদ আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। এটি একটি সামাজিক ব্যাধি, যা দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, শোষণ ও বাল্যবিবাহ বন্ধে বাংলাদেশ সরকারের চলমান উদ্যোগের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এডিপির আওতাধীন প্রতিটি ইউনিয়নে শিশু সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলেও সভায় জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকিং চাকমা, এডিপি ম্যানেজার, ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ডমিনিক বিবেরু, প্রোগ্রাম অফিসার, ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শুধু একটি ইউনিয়ন নয়, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও গ্রামকে বাল্যবিবাহমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬