
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইলসহ আব্দুর রহমান (২৩) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার বিকেল আনুমানিক ১৬:৩০ ঘটিকার দিকে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন কোর্টবাজার স্টেশন সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে এই অভিযান সফলভাবে সম্পন্ন করে। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (এফসিএন-২৩৪৩০৫) মোহাম্মদ ইদ্রিস ও হাসিনা বেগম দম্পতির ছেলে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায় যে, একজন মাদক কারবারি ইজিবাইকে করে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল দ্রুত কোর্টবাজার স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় সন্দেহভাজন ইজিবাইক চালক র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ঘিরে ফেলে ইজিবাইকসহ আটক করে।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইকটি তল্লাশি করা হয়। এ সময় ধৃত আসামির নিজ হাতে বের করে দেওয়া ও চিহ্নিত করা দুটি কালো প্লাস্টিকের পলিথিন প্যাক থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার প্রতি প্যাকেটে ১০ হাজার পিস করে ইয়াবা সংরক্ষিত ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং যোগাযোগে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
[caption id="attachment_16515" align="alignnone" width="225"]
উদ্ধারকৃত ২০ হাজার পিছ ইয়াবা বাটন ফোন ১টা[/caption]
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে তা কক্সবাজারের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬