এমএফএইচ রাজু | পিরোজপুর | ১২ সেপ্টেম্বর ২০২৬

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পিরোজপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সময়ে পিরোজপুর প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হয়ে জেলায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

পিরোজপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিরোজপুরের তিনটি স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালিত হয়।

সরকারি কর্মসূচি অনুযায়ী, আগামী তিন মাস নিয়মিতভাবে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬