মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মো. শুভ।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো—ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, মথুরাপুর পাবলিক হাই স্কুল, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবং আমানতুল্লাহ ইসলামিক একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিযোগিতায় বিতর্ক প্রশিক্ষক মো. ইনুস আলী মডারেটরের দায়িত্ব পালন করেন। বিচারকের দায়িত্বে ছিলেন আবুল হোসেন সরকার মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ড. গোলাম সারোয়ার সম্রাট, ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আরিফ আলী এবং ক্রীড়াবিদ ও সংবাদকর্মী আসাদুজ্জামান শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদকর্মী আব্দুল্লাহ আজাদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, ১২ বছর ধরে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসব আয়োজন করায় সমকাল প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও বিজ্ঞানমনস্কতা বিকাশের পাশাপাশি সমাজের নানা অসংগতি দূর করতে ভূমিকা রাখছে। তিনি সমকালের এ কার্যক্রম ভবিষ্যতেও দীর্ঘস্থায়ী হবে বলে প্রত্যাশা করেন।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহমেদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নেহা রঞ্জন রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন সমকালের ঠাকুরগাঁও প্রতিনিধি শামসুজ্জুহা। সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ জীবন আহম্মেদ, ফয়সাল, হৃদয়, সুমন, কুরবান, রাব্বি ও কাউসারসহ অনেকে।
বিতর্ক উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, প্রশ্ন করার সাহস এবং বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬