ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
গভীর রাতে ঘুমন্ত পরিবারের ওপর হামলা চালিয়ে মুরগির খামারি সোহেল রানা ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শিরিনা খাতুনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর, নগদ অর্থ লুটপাট এবং খামারের প্রায় ২০০ মুরগি নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরিবারটির ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী পাঁচবাড়িয়া গ্রামের আনোয়ার ও আমিনুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রাতে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ঘুমন্ত পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। সোহেল রানা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী শিরিনা খাতুনকে মারধর করে আহত করা হয়। আকস্মিক এ হামলায় পরিবারের অন্য সদস্যরা আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। হামলার একপর্যায়ে বাড়িঘর ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী। একই সঙ্গে মুরগির খামারে ঢুকে প্রায় ২০০ মুরগি নিধন করা হয়। এতে খামারি সোহেল রানার স্বপ্নের খামারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
স্বজনরা জানান, রাতের আঁধারে এমন ভয়াবহ হামলায় পরিবারটি এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা শিরিনা খাতুনকে মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আহত সোহেল রানা ও তার স্ত্রী শিরিনা খাতুন বর্তমানে বগুড়া হেলথ সিটি নামে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পরিবারটির মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার ও আমিনুলের সঙ্গে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬