মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
এসএসসি পরীক্ষা-২০২৬-এ গোল্ডেন এ প্লাস (A+) অর্জনকারী ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫টি স্কুল ও মাদ্রাসার ১৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের রোড যুব সংসদ মাঠ প্রাঙ্গণে রোড যুব সংসদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোড যুব সংসদের আহ্বায়ক মোঃ সাকেরউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইস্রাফিল শাহীন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর বিভাগের সাবেক উপ-পরিচালক আকরুজ্জামান সাবু।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শেষ কথা নয়। ভবিষ্যতে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধকে জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫টি স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষা-২০২৬-এ গোল্ডেন এ প্লাস অর্জনকারী ১৫৪ জন কৃতি শিক্ষার্থীকে স্মারক সম্মাননা ক্রেস্ট, ডায়েরি ও কলম প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ প্রায় ৪০০ থেকে ৫০০ জন উপস্থিত ছিলেন। রোড যুব সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল ও দেশ গঠনে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬