ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের শাটারের তালা ভেঙে ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন চুরির ঘটনায় গ্রেফতারকৃত ৮ চোরকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই ওসমান গনি এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে বগুড়া আদালতে হাজির করা হয়। এসময় আদালত থেকে আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যর ৪৮ ঘন্টার রিমান্ড মঞ্জুরের পর থানা হেফাজতে আনা হয়েছে।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)। এরআগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা চুরি যাওয়া সব কয়টি মুঠোফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়,ধুনট পৌর শহরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকম নামের একটি দোকানে বুধবার সকাল ৮টার দিকে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকানমালিক মাসুদ রানা আগের দিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে মার্কেটের নৈশপ্রহরী সুলতান হোসেন ডিউটি শেষে বাড়ি যান। পরে ভুলে ফেলে যাওয়া একটি জিনিস নিতে সকাল সোয়া আটটার দিকে পুনরায় মার্কেটে এসে দেখতে পান, পিঠে ব্যাগ ঝোলানো ৮ থেকে ১০ জন লোক মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে গিয়ে মাসুদ টেলিকমের শাটারের তালা ভাঙা ও খোলা দেখতে পান।
সংবাদ পেয়ে দোকানমালিক এসে দেখেন গ্যালারিতে সাজানো বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন উধাও। চুরির ঘটনার পরপরই পুলিশের একটি বিশেষ দল মাঠে নামে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তথ্যের সহায়তায় জানা যায়, চোর চক্রটি ধুনট থেকে শেরপুর বাসস্ট্যান্ডে যায় এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে।
পুলিশের দলটি তাৎক্ষণিকভাবে বাসের পিছু নেয় এবং পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশের সহায়তা চায়। এরপর বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাসটি যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজায় পৌঁছালে তল্লাশি চালিয়ে চক্রের আট সদস্যকে গ্রেফতার ও চুরি হওয়া ৯৪টি ফোন উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা মূলত দেশের বিভিন্ন জেলা থেকে এসে এ ধরনের চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এসব আসামির সঙ্গে স্থানীয় অপরাধীরা কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬