মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :
শহীদ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ বিন জাবেরসহ সংগঠনটির ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। স্থানীয় লোকজনও এতে অংশ নেন। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ বিন জাবের অভিযোগ করে বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে ভারত, আওয়ামী লীগ এবং ‘র’ জড়িত। তিনি হত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই হত্যাকাণ্ড ও ওসমান হাদী হত্যায় জড়িতদের ডিসেম্বরের মধ্যে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি শাপলা ট্র্যাজেডি ও পিলখানা হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে। এর আগে বাংলাবান্ধা জিরো পয়েন্টে শহীদ আবরার, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করে বন্দর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রথম দিনের কর্মসূচিতে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের কাছে তাদের দাবিগুলো তুলে ধরবেন সংগঠনের সদস্যরা। ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান বিন হাদীর হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত অভিযুক্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, তাদের ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে এসব দাবির পক্ষে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করা হচ্ছে। সংগঠনটির কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে। এরপর আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
a/j
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬