
আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে বিরোধের জেরে একটি প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় গাড়ির চালক ও যাত্রীদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতির ঘটনায় শাহজাহান মিয়া (৪৫) নামে এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়া স্থানীয় আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে একটি দলীয় সভায় অংশ নেন। সভা শেষে তিনি গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে আমতলী বাজার এলাকায় যানজটের মধ্যে সংসদ সদস্যের গাড়িবহরের পেছনে থাকা একটি প্রাইভেটকার থেকে ক্রমাগত হর্ন বাজানো হচ্ছিল।
এ সময় স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া হর্ন বাজানো বন্ধ করতে গাড়ির চালক ও যাত্রীদের অনুরোধ জানান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
শাহজাহান মিয়ার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরে উত্তেজিত লোকজন প্রাইভেটকারটি ভাঙচুর করেন। এ ঘটনায় বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের সংসদ সদস্যের সঙ্গে আসা নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় একটি কলেজের অনুষ্ঠান শেষে সংসদ সদস্যের গাড়ি বাজার এলাকা অতিক্রম করে চলে যাওয়ার পর পেছনে থাকা দলীয় এক নেতার ব্যক্তিগত গাড়িকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। এর জেরেই উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। তবে গাড়িটি কোন নেতার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।
অন্যদিকে, এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, এমপি সাহেবের গাড়ি সদর এলাকায় চলে গেছে। তাঁর গাড়িবহরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা তাঁকে বিজয়নগর পার করে দিয়ে এসেছি। অন্য কোনো গাড়ির সঙ্গে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের দলীয় কোনো নেতার গাড়িতে এ ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬