এমএফএইচ রাজু ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার, চুনের বস্তায় ইট মেশানো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া বাজারের মিষ্টিপট্টি এলাকার সহ্যি কবিরাজের মুদি ও মনোহারি দোকানে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডিত ব্যবসায়ীর নাম মো. সহিদুল ইসলাম (৬০)।
অভিযানটি পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হাইড্রোজ মজুদ, ওজনে কারচুপি করতে চুনের বস্তায় ইট মেশানোর প্রমাণ এবং বিপুল পরিমাণ নকল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সত্যতা পাওয়া যায়।
পরবর্তীতে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৪১ ধারা লঙ্ঘনের অভিযোগে ব্যবসায়ী সহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাণ্ডারিয়া থানা-পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার রক্ষায় বাজারে এই ধরনের আকস্মিক তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬