এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কঁচা নদীর চরখালী মোহনায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ এবং নদীতীরবর্তী বসতভিটা ও জনপদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় কঁচা নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
একপর্যায়ে মানববন্ধনটি সড়কে অবরোধে রূপ নেয়। এতে ওই রুটে সড়ক ও নৌযান চলাচল স্থবির হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন পারাপারের অপেক্ষায় থাকা হাজারো মানুষ। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ঘটনাস্থলে যান এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাঁর আশ্বাসে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নিলে চরখালী এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মো. আল-আমীন হাওলাদার, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আবদুল ওহাব মাঝি ও মানিক মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, কঁচা নদীর চরখালী মোহনায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি, বসতভিটা ও বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। জনস্বার্থে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁরা নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার বা অন্য কেউ যদি নিয়মবহির্ভূতভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন, তবে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬