ওরে মেয়ে, তুই বাড়ি আয় মা
কতদিন যে দেখি না রে
ওই দুটি চোখ, মধুর হাসি
দুয়ার জুড়ে ছুটোছুটি ।
নতুন চালের ধান উঠেছে
ক্ষীরের সুবাস, নাড়ুর মোয়া
তুই যে বড় ভালোবাসিস।
দোলায় চেপে, ঘোড়ায় চড়ে
যেমন খুশি আয় রে মা, তুই নিজের ঘরে
ছেলে মেয়ে চারপাশে তোর
আপনভোলা স্বামীটিরে
নিয়ে আসিস বাবার ঘরে
মায়ের কোলে।
ও মেয়ে তুই কোন পাহাড়ে
কোন অবেলায় স্বামীর ঘরে?
তুই নাকি মা আছিস পড়ে
পথের ধূলায়, অবহেলায়
শকুন নখর ছিঁড়ছে তোকে?
রাতের শিয়াল, হায়না, গৃধর
ঘিরছে তোকে ধর্ষণে বা নির্যাতনে।
ও মেয়ে তুই ওঠ রে জেগে
দশ হাতে তোর শস্ত্র ধরে
নিকেষ করে জানোয়ারে
পায়ের নীচে দুমড়ে দে না
হতচ্ছাড়া সমাজটারে।
তারপরে মা আয় রে ঘরে
শাড়ি পরে ঝলক তুলে অলংকারে।
* এম আব্দুর রাজ্জাক *
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬