ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের ও পরিষদের সদস্যরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা এবং পূজা উদযাপন নির্বিঘ্ন ও আনন্দময় করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সোমবার (২০ অক্টোবর) রাতে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের মথুরাপুর ইউনিয়নের কেন্দ্রীয় মন্দির মথুরাপুর শাহপাড়া পূজামণ্ডপ এবং বগা-জোলাগাঁতি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব ও আশরাফুল ইসলাম। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন বেগম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাকিবুল ইসলাম এবং গ্রাম পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পূজা উপলক্ষে আর্থিক অনুদান পেয়ে মন্দির কমিটির সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, মথুরাপুর ইউনিয়নের দুটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে তাঁরা সচেতন রয়েছেন। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আজানের আগে ও পরের সময় বিবেচনা করে বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
মন্দির কমিটির সদস্যরা আরও বলেন, মথুরাপুর ইউনিয়নে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সম্প্রীতি বজায় রয়েছে। এ পরিবেশ ধরে রাখতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতার জন্য তাঁরা ধন্যবাদ জানান।
এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশ সরকার ও প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে দুর্গোৎসব উদযাপন করুক, এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও শান্তিপূর্ণ হোক।”
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬