মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা( খুলনা) প্রতিনিধি। :-
খুলনার পাইকগাছা থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের এই যুগোপযোগী পদক্ষেপে সম্পূর্ণ টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী মাহাবুর রহমান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহাবুর রহমান রাজশাহীর মতিহার থানার আব্দুল মালেক দপ্তরির ছেলে। তিনি বিগত চার বছর ধরে পাইকগাছায় ‘ওরিয়ন ফার্মাসিউটিক্যালস’-এর মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত আছেন।
তাঁর রাজশাহীর মোহনপুরস্থ সোনালী ব্যাংকের মৌগাছী শাখায় একটি ব্যাংক হিসাব (নম্বর: ২৯০১২২১০২৫১৯৭) রয়েছে, যা তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করে থাকেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হঠাৎ একটি ‘আপডেট’ চাওয়া হয়। বিষয়টি না বুঝে তিনি আপডেট সম্পন্ন করেন। এর প্রায় ৪৫ মিনিট পর ফোনটি সচল হলে সোনালী ব্যাংক থেকে পরপর দুটি অননুমোদিত লেনদেনের বার্তা পান তিনি। পরে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে দেখেন, তাঁর হিসাব থেকে কৌশলে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগীর ধারণা, অজ্ঞাতনামা কোনো প্রতারক চক্র তাঁর মোবাইল ফোন হ্যাক করে এই অর্থ আত্মসাতের চেষ্টা চালিয়েছিল।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযোগ পাওয়ার পর পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় এসআই একরামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামে। পুলিশ ও বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ও দ্রুত পদক্ষেপের কারণে প্রতারকরা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে কারিগরি সহায়তায় ভুক্তভোগীর নিজ ব্যাংক হিসাবের মাধ্যমেই পুরো ৬ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন।
পাইকগাছা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সাইবার অপরাধ ও সমস্যায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬