জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার কথা বলে ঘুষ দাবির অভিযোগ
এমএফএইচ রাজু | ঢাকা | ৩ নভেম্বর ২০২৬
জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকা মহানগরের লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে ১ লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের ফাঁদ অভিযানে তাঁকে আটক করা হয়।
আটক সার্ভেয়ারের নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। দুদকের অভিযোগ অনুযায়ী, সৈনিক মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য তিনি ২৭ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
দুদকের তথ্যমতে, প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করাতে পারেননি অভিযোগকারী। পরে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপর জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী প্রথমে দুদকের হটলাইন ১০৬-এ এবং পরে এনফোর্সমেন্ট ইউনিটে বিষয়টি জানান। পরবর্তী সময়ে ২৮ অক্টোবর দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কমিশনের অনুমোদনে মঙ্গলবার ফাঁদ অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৫, তারিখ ৩ নভেম্বর ২০২৬। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬