মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
'ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা। স্বপ্নের পথে, বিজয়ের সাথে।' এ শ্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬-২৭’ (সিজন-২)। এ উপলক্ষে আজ (৫ নভেম্বর ২০২৬) বৃহস্পতিবার বিকেল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য তারেক রহমান। এবারের আয়োজনে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে প্রায় ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করছে। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়ও উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, পার্বতীপুর, দিনাজপুর।
আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত হবে। একই সঙ্গে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এ উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করবে। তৃণমূল থেকে উঠে আসবে আগামীর জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ-এমনটাই প্রত্যাশা সবার। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬