শুক্রবার( ৬ নভেম্বর ২০২৬ ) সন্ধ্যা ৬টায় রাজশাহী কালেক্টরেট মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসন, রাজশাহীর বাস্তবায়নে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রাজশাহী বিভাগীয় বইমেলা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অতি: কমিশনার (যুগ্ম সচিব) মোঃ রেজাউল আলম, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ইশা; জাতীয় গ্রন্থকেন্দ্রের রাজশাহী বিভাগের উপপরিচালক মোঃ ফরিদ উদ্দিন সরকার।
আরএমপির পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের মধ্যেও ছাপানো বইয়ের আবেদন ও গুরুত্ব অটুট রয়েছে। বইমেলায় পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহই এর প্রমাণ। বইমেলা পাঠকদের বই পড়তে উৎসাহিত করার পাশাপাশি পছন্দের বই নির্বাচন ও সংগ্রহের সুযোগ সৃষ্টি করে।
তিনি আরও বলেন, অতিরিক্ত ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল আসক্তি তৈরি করছে। বিশেষ করে অনলাইন জুয়া তরুণদের আর্থিক, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং আইনগত জটিলতা সৃষ্টি করছে। এসব আসক্তি থেকে মুক্ত থাকতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিষণ্নতা দূরীকরণ, মানসিক প্রশান্তি এবং যেকোনো বিষয়ে গভীর ও বিশ্লেষণধর্মী জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই।
পরিশেষে, তিনি তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বইমেলা আয়োজনের ক্ষেত্রে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬