হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং একই এলাকার মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দু’জনই হাটশ হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পরীক্ষা শেষে তীব্র গরমে একটু স্বস্তি পেতে দুই বন্ধু মিলে গড়াই নদে গোসল করতে যায়। নদীতে পানি কম থাকলেও স্রোতের তীব্রতায় গোসলের একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা নদী থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছিল, তবে তার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরীক্ষা শেষে ঘরে ফেরার মুহূর্তে দুই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬