মো: জসিম মিয়া , চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের একটি অবৈধ বালুঘাট এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত নারী মনোয়ারা খাতুন (৪৫)। তিনি রানীগাঁও ইউনিয়নের অলিপুর ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং সবুজ মিয়ার স্ত্রী। তার পিতা মাহমুদ আলী। পারিবারিক সূত্রে জানা গেছে, মনোয়ারা খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে এক ব্যক্তি বালুঘাট সংলগ্ন নির্জন স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলায় স্থানটি অনেকটাই নির্জন হয়ে পড়েছে। কীভাবে ওই নারীর মরদেহ সেখানে এলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে হিমশিম খেতে হয়।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬