কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু পরিবহনে জামালপুরের ইসলামপুর থেকে চালু হয়েছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস। গরু ব্যবসায়ীদের জন্য নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে এবার তিনটি বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ৩টার দিকে ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে প্রথম ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দুটি ট্রেন চলাচল করবে।
ইসলামপুর বাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, ঈদকে কেন্দ্র করে গরু ব্যবসায়ীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবার তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে। ফলে তিনটি ট্রেনের মোট ৭৫টি ওয়াগনের মাধ্যমে প্রায় ১২০০ গরু ঢাকায় পরিবহন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা হচ্ছে। প্রতি গরুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং প্রতি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কোরবানির পশু পরিবহনে নিরাপদ ও ঝামেলামুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে গত কয়েক বছর ধরে ইসলামপুর থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু রয়েছে। তবে এ বছর ব্যবসায়ীদের বাড়তি আগ্রহের কারণে অতিরিক্ত একটি ট্রেন সংযোজন করা হয়েছে।
গরু ব্যবসায়ীরা জানান, সড়কপথের তুলনায় ট্রেনে পশু পরিবহন অনেক বেশি নিরাপদ ও সাশ্রয়ী।
ইসলামপুরের গরু ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, আগে ট্রাক বা পিকআপে গরু নিয়ে ঢাকায় যেতে নানা ঝুঁকিতে পড়তে হতো—চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশের হয়রানি ছিল নিয়মিত ঘটনা। ট্রেনে গরু পাঠালে এসব সমস্যা থেকে মুক্ত থাকা যায়।
আরেক ব্যবসায়ী রহমতুল্লাহ বলেন, ট্রাকে দীর্ঘ সময় যাত্রার ফলে গরু অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় মারা যায়। কিন্তু ট্রেনে পরিবহন তুলনামূলকভাবে নিরাপদ, সময় কম লাগে এবং খরচও কম—যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা।
স্টেশন মাস্টার আরও জানান, প্রথম ট্রেনটি ইতোমধ্যে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে এবং বাকি ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হবে। যাত্রাপথে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিলম্ব না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির সময় কম খরচে পশু পরিবহনের সুবিধা দিতে ২০২১ সাল থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি
মোবাইল ০১৭২৫৪১৫৯৫৬
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬