মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ জুন) বেলা ১১ টায় জানাজা শেষে স্থানীয় কেকুপাড়া কবরস্থানে ভাই-বোনকে পাশাপাশি কবরে দাফন করা হয়। নিহত আসিফ ও সাথী একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের ছেলে ও মেয়ে। তারা স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শিশু দুটির বাবা মারা যাওয়ার পর তারা মা আছিয়া খাতুনের সঙ্গে বসবাস করত। আছিয়া খাতুন দিনমজুর হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করেন। রোববার সকালে সন্তানদের বাড়িতে রেখে কাজে যান তিনি। সন্ধ্যায় কাজ শেষে ফিরে এসে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে নেমে পড়েন।
রাতে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তলদেশ থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যেতে পারে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন, “দুই শিশুর বাবা নেই। তাদের মা অনেক কষ্ট করে সন্তানদের লালন-পালন করছিলেন। কাজ থেকে ফিরে সন্তানদের খুঁজে না পেয়ে তিনি ভেঙে পড়েছেন। এই শোকের মুহূর্তে পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।”
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬