মোঃ জসিম মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শানখলা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রচারণা চালানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া শানখলা বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক একটি সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়। নাটকের মাধ্যমে গ্রাম আদালতের ভূমিকা, কার্যপদ্ধতি এবং সাধারণ জনগণের জন্য এর সুফল সহজ ও বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মদন সরদার। এ সময় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প ব্যয়ে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের বিরোধ এবং স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা নিষ্পত্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাম আদালতের আওতাভুক্ত মামলার ধরন, আবেদন প্রক্রিয়া এবং সাধারণ মানুষের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণে জনগণের আগ্রহ ও আস্থা বৃদ্ধি করবে। গ্রাম আদালত সম্পর্কে মানুষ যত বেশি সচেতন হবে, তত বেশি মানুষ সহজ, দ্রুত ও শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ নিষ্পত্তিতে এগিয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬