পারভেজ হাসান, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ সিলিকা বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন লেবুবাগানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাকা সড়কের মুখে স্টিলের গেইট স্থাপন করে বিশেষ ব্যবস্থায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬