হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্য রেখায় থাকা ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে শুক্রবার ভোরে চার নারী, চার পুরুষ ও চার শিশুকে দৌলতপুরের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ও এলাকাবাসী পুশইনে বাধা দেয়। এরপর থেকে সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর তীরে পাট ক্ষেতের আইলে অবস্থান করছিলেন তারা।
স্থানীয় বাংলাদেশিরা মাঝে মাঝে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে তাদের খাবার-পানি দিয়ে আসেন। টানা চারদিন পর তাদের সরিয়ে নেয় বিএসএফ।
ওই ১২ জনের পুশইন নিয়ে গত শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় বিএসএফ তাদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করেনি এবং ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, আজ বেলা ১১ টার দিকে সীমান্তের ১৫০/৩-এস পিলারের কাছে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ওই ১২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ভাষ্য, ‘প্রথম দফার বৈঠকে বিএসএফ আটকে পড়াদের ভারতীয় নাগরিক নয় বলে দাবি করে ছিল। তবে বিজিবি তাদের ভারতীয় নাগরিক হওয়ার পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করে এবং কঠোর অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়।’ লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, সীমান্ত এলাকায় কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে অবস্থান করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬