জামালপুর প্রতিনিধি:
ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগ কখনো কখনো জন্ম দেয় ব্যতিক্রমী গল্পের। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া এলাকায় তেমনই এক ঘটনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান (২৩)। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসা থাকলেও, এক মজার চ্যালেঞ্জে পড়ে শেষ পর্যন্ত মাথা ন্যাড়া করতে হলো তাকে—তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জয়ের কারণে! ঘটনার শুরু শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায়। নিজের ফেসবুক আইডিতে ফয়সাল ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে যদি ব্রাজিল জয় পায়, তাহলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন। অনেকেই বিষয়টিকে নিছক মজা হিসেবেই নিয়েছিলেন।
কিন্তু শনিবার (২০ জুন) সকালে মাঠের খেলায় ৩-০ গোলে জয় তুলে নেয় ব্রাজিল। আর তাতেই চ্যালেঞ্জটি বাস্তবে রূপ নেয়। ম্যাচ শেষ হতেই কথা রাখার প্রস্তুতি নেন ফয়সাল। কিছুক্ষণের মধ্যেই আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করেন তিনি। ঘটনাটি দেখতে মুহূর্তেই ভিড় জমে যায় স্থানীয়দের মধ্যে। কৌতূহলী জনতা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
এলাকাবাসীর ভাষ্য, এটি কেবল একটি চ্যালেঞ্জ নয়—বরং ফুটবলপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, এমন আনন্দঘন মুহূর্তই খেলাধুলার প্রকৃত সৌন্দর্য তুলে ধরে। ফয়সাল বলেন, “আমি মজা করেই চ্যালেঞ্জটি দিয়েছিলাম। কিন্তু কথা যখন দিয়েছি, তখন তা রাখতেই হবে। খেলাধুলা আনন্দের—এমন মজার ঘটনাই সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয়।” জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬