মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি-
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা আর নেই। বিয়ের আনন্দ শেষ হওয়ার মাত্র দুদিনের মাথায় তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গত শুক্রবার (১৯ জুন) অত্যন্ত আনন্দঘন পরিবেশে জুয়েল রানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতে নববধূকে সঙ্গে নিয়ে রুহিয়ার কর্ণফুলী বাজার এলাকার নিজ বাড়িতে ফেরেন তিনি। কিন্তু আনন্দের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি হঠাৎ তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়।
কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ সোমবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুয়েল রানা রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও সমবেদনার বার্তা জানাচ্ছেন তাঁর সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। যে ঘরে কয়েকদিন আগেও বিয়ের আনন্দ আর শুভেচ্ছার ঢল ছিল, আজ সেই ঘরেই স্বজন হারানোর আহাজারি। নববধূর হাতে মেহেদির রং শুকানোর আগেই জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় হারিয়ে গেল একটি তরতাজা প্রাণ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬