
আবদুল্লাহ আল মামুন
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশের ন্যায় ফেনী জেনারেল হাসপাতালসহ ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬০ জন আনসারর সদস্য মোতায়েন করা হয়েছে। ১ জুলাই থেকে সারাদের ন্যায় ফেনীতেও আনসার সদস্য মোতায়েন করা হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যন্ট, মোহাম্মদ কামরুল ইসলাম,পিএএমএস, জানান, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (UHFPO) একটি জাতীয় সম্মেলনে চিকিৎসকগণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের পেশাগত নিরাপত্তার সংকটের কথা তুলে ধরে চিকিৎসকদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা ও লাঞ্ছনার ঘটনার প্রেক্ষিতে কর্মস্থলে সশস্ত্র আনসার বাহিনী মোতায়েনের দাবি জানান। মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আনসার সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক ইমেজের ফলশ্রুতিতে চিকিৎসকগণ আনসার সদস্যদের উপর নিরাপত্তা আস্হার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি জানান। সারাদেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল উপজেলা হাসপাতাল গুলোতে ১ জুলাই ২০২৬ থেকে মোতায়েন হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার। দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তা, চিকিৎসকদের কর্মক্ষেত্রের সুরক্ষা এবং মূল্যবান চিকিৎসাসামগ্রী রক্ষায় তারা দায়িত্ব পালন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায়, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রীর দ্রুত পদক্ষেপে এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বাহিনী প্রধান কর্তৃক এই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন মাত্র দুই মাসের ব্যবধানে আলোর মুখ দেখলো। এই উদ্যোগের ফলে মাঠপর্যায়ের চিকিৎসকদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা দূর হবে। একই সাথে দালাল চক্রের দৌরাত্ম্য হ্রাস, সেবা গ্রহীতাদের সুরক্ষা এবং হাসপাতালের মূল্যবান সরকারি যন্ত্রপাতি রক্ষা করা সম্ভব হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টা নিরাপত্তার জন্য ১০ জন (পিসি ১, আনসার ০৯) করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে। এই মোতায়েনকে সামনে রেখে বাহিনীর পক্ষ হতে ইতোমধ্যে সকল লজিস্টিকস ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এতে সারাদেশে রেষ্টপ্রথা হতে মুক্তির মাইলফলক – দেশের সকল উপজেলা হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫০০০ অঙ্গীভূত আনসার ও ফেনীতে ৬ টি হাসপাতালে ৬০ জন মোতায়েন করা হয়েছে।
দেশের তৃণমূলের স্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখতে ৫ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার মোতায়েনে সরকার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সময়োপযোগী ও স্মার্ট পদক্ষেপ দেশের চিকিৎসা খাতের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
জেলা কমান্ড্যন্ট মোহাম্মদ কামরুল ইসলাম, পিএএমএস,জানান, দায়িত্ব প্রাপ্ত আনসার সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়েছে। এবং তাদের কার্যক্রম প্রতিনিয়ত ফলোআপ রাখা হবে।