
ভাণ্ডারিয়া থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক (অটো) জিপিএস ট্র্যাকারের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই অটোর ক্রেতা ও চুরির সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) ভোর রাতে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের বাসিন্দা মো. সজল (২৫) এর অটোরিকশাটি চুরি হয়। বিষয়টি জানার পর অটোতে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের অবস্থান অনুসরণ করে পুলিশ অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে নেছারাবাদ থানার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই অটোর ক্রেতা মো. নাছির সিকদার (২৭) কে গ্রেফতার করা হয়। তিনি নেছারাবাদ উপজেলার কুনিহারী এলাকার বাসিন্দা।
পরে গ্রেফতারকৃত নাছির সিকদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ এলাকা থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মো. রাজ্জাক বেপারী (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি হওয়া অটোরিকশা বিক্রিসহ ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে চুরি সংক্রান্ত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।