শনিবার ৮ই আগস্ট, ২০২৬ ২৪শে শ্রাবণ, ১৪৩৩

সেনাবাহিনীর চাকরি হারিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গণপিটুনির পর কারাগারে প্রতারক

[print_bangla]

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী-

রাজশাহীর বাঘা উপজেলায় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এবং কোমরে খেলনা পিস্তল ঝুলিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে দুই ভুয়া পুলিশকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। পরে গণধোলাই দিয়ে তাদের থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বাঘা থানাধীন আড়ানী পিয়াদাপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার চিথুলিয়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. হাসিবুল হাসান (২৪) এবং একই থানার মাড়িয়া গ্রামের হাকিমুদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে ওই চক্রের সদস্যরা বাঘা উপজেলার আড়ানী পিয়াদাপাড়া গ্রামের রানা মিয়ার স্ত্রী আরিফা বেগমের বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে নগদ ৬০ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন লুট করে নিয়ে যান। পরদিন গত ৬ আগস্ট বিকেলে অভিযুক্তরা পুনরায় ওই বাড়িতে গিয়ে একই কায়দায় চাঁদা দাবি করেন। এ সময় তাদের কথাবার্তা ও আচার-আচরণে সন্দেহ হলে বাড়ির লোকজনের চিৎপুরে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় জনতা সাহসিকতার সাথে তাদের ঘেরাও করে ফেলে। এ সময় গণধোলাইয়ের শিকার হয়ে ওই দুই ভুয়া পুলিশ আটকা পড়েন এবং তাদের সাথে থাকা অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যান। খবর পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাদের হেফাজতে নেয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল (কভারসহ), অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, আটক হাসিবুল হাসান ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেছিলেন। পরবর্তীতে ১৩ বেঙ্গল সিলেট সেনানিবাসে কর্মরত অবস্থায় চাকরির বিধিমালা ভঙ্গের অভিযোগে অযোগ্য প্রমাণিত হওয়ায় ২০২৫ সালে একটি বিশেষ বোর্ডের মাধ্যমে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তিনি নাটোরের বাগাতিপাড়া এলাকায় ফিরে একটি অপরাধ সিন্ডিকেট গড়ে তোলেন এবং ভুয়া পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, এ ঘটনায় বাঘা থানায় ভুয়া পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা নম্বর- ৪(৮)২৬ রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চক্রের অন্য পলাতক সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ততা খতিয়ে দেখতে গভীর তদন্ত চলছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে সাধারণ জনগণকে এভাবেই সবসময় পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ওসি সেরাজুল হক। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সেনাবাহিনীর চাকরি হারিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গণপিটুনির পর কারাগারে প্রতারক

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top