
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ, রাজশাহীর আয়োজনে,
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম -সেবা এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।
চ্যাম্পিয়নশিপে রাজশাহী জেলার ০৮টি পুরুষ দল ও ৪টি নারী দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।