
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় শিশুদের মারামারি ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই গ্রাম পুলিশ সহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জোলাগাতি গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের স্ত্রী গ্রাম পুলিশ দিপ্তি রানী (৩০), তার শ্বশুর গ্রাম পুলিশ ভবানি চন্দ্র দাস (৫১) ও তার শাশুড়ি বুলবুলি রানী (৫০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দিপ্তি রানী ও তার শ্বশুর মথুরাপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরি করেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দিপ্তি রানীর বাড়ির উঠানে তার শিশু কন্যার সঙ্গে প্রতিবেশী আকরাম হোসেনের ভাতিজি খেলাধূলা করতে থাকে। এসময় দুই শিশুর মাঝে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আকরাম হোসেন ও তার লোকজন দিপ্তি রানীর বাড়িতে এসে হামলা চালায়।
এসময় হামলাকারীদের মারপিটে দুই গ্রাম পুলিশ সহ একই পরিবারের ৩ জন আহত হন। এছাড়া হামলাকারীরা দিপ্তি রানীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় গ্রাম পুলিশ দিপ্তি রানী বাদি হয়ে শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে আকরাম হোসেন সহ ৬ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে আকরাম হোসেন জানান, শিশুদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে দিপ্তি রানী ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। অথচ এ ঘটনা নিয়ে মিথ্যা বর্ননা দিয়ে আমাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।