
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার ( ০৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে বোয়ালিয়া থানার ফুদকীপাড়ায় অবস্থিত প্রতিমা বিসর্জনের মন্নুজান ঘাট পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
এসময় তাঁরা প্রতিমা বিসর্জনের ঘাটের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করেন।
এসময় বিভাগীয় এসআরবি-৫, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিবৃন্দ; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহীর নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।