
হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম বিলগাথুয়া মাঠে বিজিবির টহল দল অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল মদ ও ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
একইসাথে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।