
মাহফুজ মুরাদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে উৎসব মুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জাঙ্গালীয়া জায়ান্টস্ ক্লাব’ আয়োজিত দেড় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গত ৩০ মে, শনিবার বিকেল ৩ ঘটিকায় জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। “সুস্থ দেহ সুন্দর মন” এবং “ক্রীড়াই করে আনয়ন” এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই বিশাল ফুটবল আসরের আয়োজন করা হয়েছে।

জমকালো এই উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রহমান মুবারক আল-ইয়ামি। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাবেক সভাপতি কালীগঞ্জ উপজেলা ছাত্রদল ও সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রদল মো. ইয়াছিন মোল্লা। খেলায় সভাপতিত্ব করেন এপিপি, জজ কোর্ট, গাজীপুর এবং সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপি গাজী শাহ্ মোহতাশেম আজমল (সোহেল)। উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাঙ্গালীয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সারফুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শেখ, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান এবাদুল্লাহ্ এবং জাঙ্গালীয়া ইউ.পি. ১নং ওয়ার্ড সদস্য মো. শহিদুল্লা শহীদ। এ ছাড়াও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমজাদ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক গাজী মোতাহার হোসেন কায়েস, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজ বেপারী ও সাধারণ সম্পাদক মো. আলমগীর দর্জি। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ‘পিরুজালী ফুটবল একাদশ’ বনাম ‘পুবাইল বাজার স্পোর্টিং ক্লাব’।
নির্ধারিত সময়ে খেলা গোল শূণ্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় পিরুজালী ফুটবল একাদশের গোলরক্ষক তুহিনের দূর্দান্ত সেভে সেমিফাইনালে পা রাখলো পিরুজালী ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন গোল রক্ষক মো. তুহিন। ঈদের ছুটিতে হাজার হাজার দর্শকদের মাঠে বিনোদিত করতে মাইক্রোফোনে ধারাভাষ্যে ছিলেন এন আই বাবু ও মাহফুজ মুরাদ। চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলাটি দেখতে এলাকার হাজারো ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে দল দুটিকে করতালির মাধ্যমে উৎসাহিত করেন। আয়োজক কমিটি ‘জাঙ্গালীয়া জায়ান্টস্ ক্লাব’ আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্ট অত্র এলাকার যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জে/এ
