
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা নেতৃত্বের দাবি, সম্প্রতি ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে গঠন করা হয়নি। আজ বুধবার (৩ জুন) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিলো। পরবর্তীতে জেলা পর্যায়ের পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট কমিটি প্রয়োজনীয় অনুমোদন ও সাংগঠনিক নির্দেশনা অনুসরণ না করেই গঠিত হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ঘোষিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেন (খোকন) কে সদস্যসচিব করা হয়। তবে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। জে/এ
