
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার,দুপচাঁচিয়া উপজেলার ০৫ নং গোবিন্দপুর ইউনিয়নে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২ টায় ওই ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় কর্মসূচিটি পরিচালিত হয়। কর্মসূচির মধ্যে র্যালী, আলোচনা, ভিডিও প্রদর্শণী, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এর মধ্য থেকে ২০ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন মল্লিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা. রোজিনা আক্তার, গোবিন্দপুর ইউপি সদস্য মো. ওমর আলী, মো. মনজুর রহমান, মহিলা সদস্যা মোছা. একতারা বানু, মোছা. হাওয়া বানু, ও মোছা.কাবেরী মাহমুদা এবং বগুড়া সাংবাদিক এম আব্দুর রাজ্জাক।

উক্ত ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী-পুরুষসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, ফৌজদারি এবং দেওয়ানী আদালত সম্পর্কে বিচারপ্রক্রিয়া, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার সেবা পেতে পারেন সে বিষয়েও উপস্থিতদের অবহিত করা হয়।
দুপচাঁচিয়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোছা. রোজিনা আক্তার বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়েছে। তাই গ্রাম আদালত সম্পর্কে জনগণকে আরও সচেতন হতে হবে। জে/এ