
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
শিশু ও নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন, সচেতনতামূলক র্যালি এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ জুন) বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতী, নারী ও শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিশু ও নারীর অধিকার সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতন বর্তমানে সমাজের অন্যতম উদ্বেগজনক সমস্যা। এ ধরনের অপরাধ শুধু ভুক্তভোগীর জীবনকেই বিপর্যস্ত করে না, বরং সমাজের মানবিক মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্যাতন প্রতিরোধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)-এর প্রকল্প সমন্বয়কারী নাজমুস সাকিব বলেন, “শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের চর্চা। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে শিশু ও নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্যাতনের ঘটনায় নীরব না থেকে সবাইকে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।” তিনি আরও বলেন, “শিশু ও নারীর অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। সচেতন নাগরিকদের অংশগ্রহণ ছাড়া নির্যাতনমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগ জোরদার, দ্রুত বিচার নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়। কর্মসূচিতে যুব ক্লাব সদস্য, ইমপ্যাক্ট গ্রুপ সদস্য, সিআরসি (CRC) গ্রুপের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা শিশু ও নারী নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিতজ উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, কর্মসূচিটির আয়োজন করে কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ), সহযোগিতায় ছিল সিডিডি এবং অর্থায়ন করেছে লিলিয়ান ফন্ডস। জে/এ
