রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

বিশ্বকাপের বাঁশি-৬ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

[print_bangla]

প্রফেসর মোঃ শাহাদত হোসেন-

বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে সবার আগে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করলো মেক্সিকো। ১৯ জুন সকাল ৭ টায় এশিয়ার বাঘদের (তেগুক ওয়ারিয়র্স) বিরুদ্ধে মাঠে নামে উত্তর আমেরিকার তেরঙ্গরা (এলত্রি)। মেক্সিকোর গুয়াদালহারায় এস্তাদিও আকরন স্টেডিয়ামে ৪৮ হাজার দর্শকের উপস্থিতিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো মেক্সিকো। এই লেখা পর্যন্ত বিশ্বকাপের এ ও বি গ্রুপের দুটি করে খেলা সম্পন্ন হলেও দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকা, কানাডা, সুইজারল্যান্ড, বসনিয়া ও কাতার কেউই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে তাদেরকে তৃতীয় খেলাটি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এক খেলা হাতে রেখেই নিজেদের প্রথম দুটি ম্যাচে বিজয় নিশ্চিত করে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো দু’বার কোয়ার্টার ফাইনাল খেলা মেক্সিকো। এখন ২৫ জুন মেক্সিকো সিটিতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। চেক প্রজাতন্ত্রের সাথে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে মেক্সিকো। ২০০২ সালে স্বাগতিক হিসেবে খেলে দক্ষিণ কোরিয়া এবং সেবার চতুর্থ স্থান অধিকার করে। এখন পর্যন্ত এটিই দলটির সেরা সাফল্য। এর আগে পাঁচটি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও পরের পাঁচটি বিশ্বকাপের দু’টিতে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে তারা। পরের খেলায় দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করলেই এবারও দ্বিতীয় রাউন্ড খেলতে পারবে এশিয়ার বাঘেরা।
অন্য দিকে বিশ্বকাপের ১৮ টি মূল পর্বে অংশ নেয় মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। অধিকন্তু ২০২২ বিশ্বকাপ বাদে পূর্ববর্তী ৭ টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলেছে। মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার খেলায় দু’দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। প্রথমার্ধ গোল শূন্য থাকে। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চমক দেখায় মেক্সিকো। মাঝ মাঠের খেলোয়াড় এল রোমো ৫০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে নেয় দলকে। অবশিষ্ট সময়ে কোন দলই আর গোল করতে না পারায় ১-০ গোলে বিজয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করেছিলো হাভিয়ের আগুয়েরোর শিষ্যরা। আজকের দ্বিতীয় খেলায় তিন পয়েন্ট অর্জন করে মোট ৬ পয়েন্ট নিয়ে এক খেলা বাকী থাকতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো তেরঙ্গারা।
এর আগে বি গ্রুপের দু’ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়াকে ও কানাডা কাতারকে পরাজিত করেছে। অন্য দিকে রাত একটায় সিয়াটলে ডি গ্রুপ থেকে মুখোমুখি হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এর আগে প্যারাগুয়েকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করে ছিলো দি স্টারস এন্ড স্ট্রাইপসরা। আজ সকারুসদের হারিয়ে আরো তিন পয়েন্ট অর্জন করলো তারা। ফলে দু’ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটি জিতে ২-০ গোলে। অস্ট্রেলিয়ার সি বার্জেস ১১ মিনিটের মাথায় ওন গোল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেয়। খেলার ৪৩ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ফ্রিম্যান দ্বিতীয় গোলটি করেন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগামী ২৬ জুন লস অ্যাঞ্জেলেসে তুরস্কের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র।

লেখক-প্রফেসর মোঃ শাহাদত হোসেন, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। মোবাইল- 01712277552, ইমেইল-sahadot.hossain@gmail.com)

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বকাপের বাঁশি-৬ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

২০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top