
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক-কৃষাণীকে ফলজ ও বনজ মিলিয়ে ৫ প্রকারের গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং জৈব সার বিতরণ করা হয়। বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শনিবার (৪ জুলাই-২০২৬) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বিতরণ উপলক্ষে আলোচনা সভা করা হয়। কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর, অনুষ্ঠান পরিচালনা করেন, কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ শুভ। এসময়ে বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী মোঃ আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, উপ-সহকারীরা, সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। জে/এ
