
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি, অতিরিক্ত ও অন্যায্য বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভাণ্ডারিয়া বিদ্যুৎ গ্রাহক পরিষদ।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ভাণ্ডারিয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক গ্রাহকের ওপর অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আরোপ করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। অভিযোগ ও আবেদন করার পরও অধিকাংশ ক্ষেত্রে কার্যকর প্রতিকার মিলছে না বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, বিদ্যুৎ সেবা জনগণের মৌলিক প্রয়োজনীয় সেবাগুলোর অন্যতম। তাই গ্রাহকদের সঙ্গে হয়রানিমূলক আচরণ বন্ধ করে সঠিক মিটার রিডিংয়ের ভিত্তিতে ন্যায়সংগত বিদ্যুৎ বিল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও দাবি জানান তারা।
সমাবেশ থেকে অবিলম্বে গ্রাহক হয়রানি বন্ধ, অন্যায্য ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল নির্ধারণ এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া বিদ্যুৎ গ্রাহক পরিষদের সভাপতি সামসুল ইসলাম আমিরুল, সাধারণ সম্পাদক সালমান খান বাদশা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাবের।
এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক বিদ্যুৎ গ্রাহক বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে তাদের দাবি-দাওয়ার প্রতি সংহতি প্রকাশ করেন।