
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরে সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন শুনতে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যা ও অভিযোগ জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।

গণশুনানিতে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের বক্তব্য শুনে অভিযোগগুলোর দ্রুত ও কার্যকর নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনসেবা আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের অভিযোগ ও সমস্যা সরাসরি শোনার মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করতে প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার যেকোনো নাগরিক উপস্থিত হয়ে তাদের অভিযোগ, আবেদন বা মতামত উপস্থাপন করতে পারেন।