
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
কেমিক্যালের মাধ্যমে ফল পাকানোর অপচর্চা রোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পিরোজপুরে জেলা পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, বাজার তদারকি কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কেমিক্যাল দিয়ে ফল পাকানোর অপচর্চা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জেলা পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা কেমিক্যালমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নিয়মিত অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।