
ডেস্ক রিপোর্ট
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সংগঠন ” ৫০% পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মজীবী কল্যাণ সমিতি ” এর উদ্যোগে গত ১৮ জুলাই ২০২৬ (শনিবার) রাতে দুই ঘণ্টাব্যাপী এক দীর্ঘ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাত ৯:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত চলমান এই সভায় দেশের সব স্তরের পেনশনাররা অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও যৌক্তিক দাবিদাওয়া তুলে ধরেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নীতি-নির্ধারক কমিটির প্রধান ইঞ্জিনিয়ার এমএইচ রশিদ সাহেবের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মনিরুল ইসলাম শেখ। এতে নীতি-নির্ধারণী কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাধারণ পেনশনাররা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
সভায় বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক বা স্বেচ্ছায় সমর্পণকৃত ৫০% অর্থ অনতিবিলম্বে ফেরত দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সমর্পণকৃত ওই অর্থের সমমূল্যের পেনশনার সঞ্চয়পত্র প্রদানের বিষয়টি আলোচনায় মূল অগ্রাধিকার পায়। উপস্থিত সকলেই এই দাবিটিকে অত্যন্ত যৌক্তিক এবং তাদের আইনগত প্রাপ্য অধিকার উল্লেখ করে এর সপক্ষে একাত্মতা ও ঐক্যমত পোষণ করেন।
প্রধান দাবির পাশাপাশি সভায় অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মজীবীদের জন্য উন্নত ও নিশ্চিত চিকিৎসা সেবা প্রদান, বর্তমান বাজারমূল্যের সাথে সংগতি রেখে বিশেষ রেশনিং সিস্টেম চালু এবং নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সাথে উত্থাপিত হয়।
সভায় বক্তব্য রাখেন নীতিনির্ধারনী কমিটির অন্যতম সদস্য খন্দকার আবিদ আহমেদ, ফজলুল হক মনোয়ার, হাসান মোঃ আবু হান্নান ভূইঁয়া, রুহুল আমিন, মোতালেব হোসেন এবং ফারুক চৌধুরী, মর্জিনা খাতুন, আব্দুল মান্নান, খন্দকার মোশাররফ হোসেন,শামীম আহমেদ,মোঃ ইউসুফ, মশিউর রহমান, আজম আহমেদ, নূর মোহাম্মদ, হুমায়ুন কবির, আব্দুল মজিদ প্রমুখ।
সভার সমাপনী বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার এমএইচ রশিদ বলেন, “অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের জীবনের সোনালী সময় দেশের সেবায় ব্যয় করেছেন। শেষ বয়সে এসে তাদের এই ন্যায্য অধিকারগুলো নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
সবশেষে, সমিতির এসব গুরুত্বপূর্ণ দাবিদাওয়া অতি দ্রুত সরকারের উচ্চপর্যায়ের নজরে আনার এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।