
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে আপসহীন অবস্থান গড়ে তুলতে হবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে শুরু হওয়া এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম আমাদের ভোট দিন, আমরা জনগণের সেবা করব। সেই অঙ্গীকার বাস্তবায়নে আমরা সংসদ ও রাজপথে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি। গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে বিভিন্ন খাতে দুর্নীতি, ব্যাংক লুট ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষতি করা হয়েছে। এ ধরনের সংস্কৃতি বন্ধ করে জনগণের সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী শামীম হামিদী।
অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
পদযাত্রা ও পথসভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।