
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি এনজিওগুলোর কার্যকর ভূমিকা টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ভিত্তিতে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার উন্নয়নে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের মধ্যে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।